‘হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে’, দম্পতিদের তিন সন্তানেরও নিদান আরএসএস প্রধান ভাগবতের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। তাঁর মতে বর্তমানে হিন্দু সমাজের বিপদের আশঙ্কা নেই, তথাপি সতর্কতা জরুরি। সেই কারণে হিন্দু দম্পতিদের কমপক্ষে তিনটি করে সন্তান নেওয়ার পরামর্শ দিয়েছেন ভাগবত। উল্লেখ্য, আগেও ভারতীয় দম্পতিদের তিনটি করে সন্তান নেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান!
মঙ্গলবার সরস্বতী শিশু মন্দিরে এক সম্প্রীতি সভায় ভাষণ দেন মোহন ভাগবত। সেখানে হিন্দু জনসংখ্যার ক্রমহ্রাসমানতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “হিন্দুদের ঐক্যবদ্ধ ও ক্ষমতায়নের প্রয়োজন। আমরা বিপদের মধ্যে নেই, তবে সতর্কতার প্রয়োজন রয়েছে।” যোগ করেন, “প্রলোভন দেখিয়ে কিংবা বলপ্রয়োগ-ভিত্তিক ধর্মান্তর বন্ধ হওয়া উচিত।” হিন্দু ধর্মাবলম্বীদের সমাজে ফিরিয়ে আনার পাশাপাশি তাঁদের কল্যাণের জন্য কাজ করার বার্তা দেন সঙ্ঘপ্রধান।