📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটের আগে হঠাৎ করে ঘোষণা হওয়া ‘বিনামূল্য’ প্রকল্পে (Freebies) রাজ্যগুলির আর্থিক শৃঙ্খলা কতটা নষ্ট হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিদ্যুৎ ভর্তুকি সংক্রান্ত একটি মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আর্থিক পরিকল্পনা ছাড়া বিপুল ভর্তুকির (Freebies By State Govts) বোঝা নেওয়া দায়িত্বজ্ঞানহীনতার সামিল।
বৃহস্পতিবারের শুনানিতে বিশেষ করে তামিলনাড়ু সরকারকে (Tamilnadu Government) প্রশ্ন করা হয়, কেন শেষ মুহূর্তে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করা হল। আদালতের পর্যবেক্ষণ, এমন সিদ্ধান্তে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে হঠাৎ করেই শুল্ক নির্ধারণ ও বাজেটের হিসেব নতুন করে সাজাতে হচ্ছে, যা প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি করছে। সুপ্রিম কোর্ট এও বলে, এইসব ভর্তুকির ফলে উন্নয়নের জন্য এক পয়সাও থাকছে না, সবই বিনামূল্যে পরিষেবা দিতে গিয়ে খরচ করছে সরকার।
বিচারপতিরা জানান, বহু রাজ্য ইতিমধ্যেই আয়-ব্যয়ের ঘাটতিতে ভুগছে। এই অবস্থায় পূর্ব পরিকল্পনা ছাড়া বড়সড় ভর্তুকি (Freebies) চালু করলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হতে পারে। সাম্প্রতিক নির্বাচনের আগে একাধিক রাজ্যে আচমকা জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণার নজির রয়েছে বলেও আদালত উল্লেখ করে। সরাসরি নগদ সহায়তা দেওয়া হলে মানুষ কাজ করার আগ্রহ হারাবে কিনা – এ প্রশ্নও তোলা হয়।

