বৃহস্পতিবার বাংলাদেশে ভোট, চাপে আছেন সংখ্যালঘু ভোটাররা

📝 অনুব্রত সাহা (মিঠুন), Todays Story: আগামী ১২ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে চাপ বাড়ছে সংখ্যালঘু ভোটারদের। গত ২৯শে জানুয়ারি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৫ সালে সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ৫২২টি ঘটনা ঘটেছে। ওই সব ঘটনায় ৬৬জন হত্যার শিকার হয়েছেন। নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ২৮টি, উপাসনালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ৯৫টি, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ১০২টি, অপহরণ, চাঁদাবাজি ও নির্যাতনের ঘটনা ৩৮টি, হামলা, হত্যার হুমকি ও নির্যাতনের ঘটনা ৪৭টি এবং জোরপূর্বক বাড়িঘর, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের ৩৬টি ঘটনা ঘটেছে। এই সময়ে কথিত ধর্ম অবমাননার অভিযোগে ৩৬জন গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হয়েছেন। এর আগের বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২ হাজার ১৭৪টি সাম্প্রদায়িক ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।
বিভিন্ন মাধ্যমে জানা গেছে, গ্রাম এলাকায় সংখ্যালঘুদের ভেতর চাপা আতঙ্ক বিরাজ করছে। ভোট দিতে না গেলে পরে ঝামেলায় পরার হুমকিও দেওয়া হচ্ছে অনেক জায়গায়। সংখ্যালঘু নেতারা সেনাবাহিনী সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা চান। তারা বলেন মুখের আশ্বাস না। প্রকৃত নিরাপত্তা চায় সংখ্যালঘুরা।