📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পারিবারিক বিবাদে ভাইকে এলোপাতাড়ি মারধর, মাথায় বাঁশ দিয়ে মেরে খুনের অভিযোগ দাদা ও ভাইপোর বিরুদ্ধে, ভাইপোকে ধরে গনধোলাই এলাকাবাসীর,ঘটনায় উত্তেজনা,গ্ৰেফতার দুই অভিযুক্ত।
পারিবারিক বিবাদ নিয়ে ভাইকে খুনের অভিযোগ দাদা ও ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার গোবিন্দপুর এলাকায়। মৃতের নাম নিমাই প্রামাণিক(৫১)। বাড়ি দত্তপুকুর থানার পানশিলা এলাকায়।ঘটনার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল দাদা শৈলেন প্রামাণিক ও ভাইপো গোবিন্দ প্রামাণিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে নিমাই ও শৈলেনের বিবাদ দীর্ঘদিনের। তাঁদের বাবা মারা যাওয়ার পর থেকে দুভাইয়ের নামে সম্পত্তি হয়নি। ফলে, জমি নিয়ে বিবাদ মাঝেমধ্যেই হত। একাধিকবার স্থানীয় নেতৃত্ব বসে তা মেটানোর চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। বাড়ি থেকে কিছুটা দূরে নিমাই প্রামাণিক বিদ্যাধরী নদীর ধারে ঘাস কাটতে গিয়েছিলেন, সম্পত্তি নিয়ে সেখানে দাদা শৈলেনের সাথে নিমাইয়ের গন্ডগোল বাধে দুই ভাইয়ের মধ্যে মারপিটের ঘটনা ঘটে, শৈলেন বাড়ি এসে ভাইপো গোবিন্দকে ডেকে নিয়ে যায় বিদ্যাধরী নদীর ধারে দেগঙ্গার গোবিন্দপুর এলাকায়। আর সেখানে শৈলেন ও গোবিন্দরা নিমাইকে এলোপাতাড়ি মারধর এবং মাথায় বাঁশ দিয়ে আঘাত করে বলে অভিযোগ। আর সেখানেই সংজ্ঞাহীন হয়ে পড়েন নিমাই। তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ প্রথমে শৈলেন প্রামাণিককে গ্ৰেফতার করে। গোবিন্দ প্রামাণিক পালিয়ে বাড়ির বাথরুমে লুকিয়ে পড়ে, স্থানীয়রা তাকে বাথরুম থেকে বার করে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।

